সোনাগাজীতে ১৫১ শিক্ষার্থীর টিফিনে
অনিয়ম, ১৭টি রুটিতে ছত্রাক—বিতরণ বন্ধ
নিজস্ব প্রতিবেদন
সরকারি ‘মিড ডে মিল’ কর্মসূচিতে শিশুদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করার কথা থাকলেও ফেনীর সোনাগাজীতে ঘটেছে উল্টো ঘটনা। উপজেলার কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছত্রাকযুক্ত (পচা) বনরুটি বিতরণের অভিযোগ উঠেছে।
সোমবার সকালে বিদ্যালয়ের ১৫১ জন শিক্ষার্থীর জন্য টিফিন হিসেবে বনরুটি সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘স্বদেশ পল্লী’। বিতরণের পর অন্তত ১৭টি রুটিতে ছত্রাক দেখা যায় এবং কয়েকটি রুটি থেকে দুর্গন্ধ বের হয়।
বিষয়টি জানা মাত্রই স্কুল কর্তৃপক্ষ টিফিন বিতরণ বন্ধ করে দেয়। তবে এর আগেই কিছু শিক্ষার্থীর হাতে ওই রুটি পৌঁছে যায়।
এক অভিভাবক বলেন, শিশুদের খাবারের মতো সংবেদনশীল বিষয়ে এমন নিম্নমানের ও পচা খাবার দেওয়া চরম দায়িত্বহীনতার পরিচয়। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব জানান, ১৫১টি রুটির মধ্যে ১৭টিতে ছত্রাক পাওয়া গেছে। কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে বিতরণ বন্ধ করা হয়েছে এবং বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।”
অভিযোগের বিষয়ে জানতে ‘স্বদেশ পল্লী’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।