বৈশ্বিক চাপে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: প্রস্তুতির বার্তা অর্থমন্ত্রীর

নবযাত্রা ডেস্ক

বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সরকার সর্বোচ্চ প্রস্তুত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রবৃদ্ধির পাশাপাশি একটি টেকসই, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলছে আমদানি-নির্ভর অর্থনীতির ওপর। জ্বালানি তেল ও এলএনজির দাম বেড়ে যাওয়ায় সরকারকে বাড়তি ভর্তুকির চাপ নিতে হচ্ছে।

তিনি জানান, চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অতিরিক্ত ভর্তুকি হিসেবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। এর ফলে বাজেট ঘাটতি বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ সৃষ্টি হচ্ছে।

তবে জনগণের স্বার্থ বিবেচনায় সরকার এখনো জ্বালানির দাম বৃদ্ধি না করে পূর্বের মূল্যই বহাল রেখেছে বলে জানান তিনি। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান।

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি দেশের জন্য বড় চ্যালেঞ্জ হলেও পরিকল্পিত নীতিমালা ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে।

তিনি জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এতে জনগণের প্রত্যাশা ও বাস্তব সীমাবদ্ধতার মধ্যে সমন্বয় করার চেষ্টা করা হবে।

সরকারের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং দীর্ঘমেয়াদে টেকসই অর্থনীতি গড়ে তোলা—যেখানে সকল শ্রেণির মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *