নবযাত্রা প্রতিবেদক
আগামী ৩১ মে শনিবার চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা — ‘তবু আমারে দেব না ভুলিতে’।
গান ও কবিতার এ যুগলবন্দী আয়োজন করছে চট্টগ্রামের বাচিক সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস ও সিলেটের আবৃত্তিশৈলী।
এই আয়োজনে আবৃত্তি পরিবেশন করবেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্ত এবং গান গাইবেন সঙ্গীতশিল্পী অর্পিতা দেবী দোলা। অনুষ্ঠানের সূচনা হবে সন্ধ্যা ৬টায়, উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রীতা দত্ত।
অনুষ্ঠানে দলীয় পরিবেশনায় অংশ নেবে বোধন আবৃত্তি পরিষদ, তারুণ্যের উচ্ছ্বাস এবং আবৃত্তিশৈলী। সঞ্চালনায় থাকবেন আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তা।
শিল্পীদ্বয় পরিবেশন করবেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসীম উদ্দিন, মহাদেব সাহা ও সৈয়দ শামসুল হকের কবিতা। পাশাপাশি থাকছে রবীন্দ্র-নজরুল সঙ্গীত ও হারানো দিনের জনপ্রিয় গান।
সবার জন্য উন্মুক্ত এই সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রণ জানানো হয়েছে কবিতা ও সুরের অনুরাগীদের।