নগরীর ভাঙা সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ মেয়রের: “জনদুর্ভোগ আর নয়”

নবযাত্রা প্রতিবেদক

চট্টগ্রাম, ৪ আগস্ট ২০২৫:
চট্টগ্রাম নগরীর ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “নগরবাসীর ভোগান্তি আর বাড়ানো যাবে না। ভাঙা সড়কগুলো দ্রুত সংস্কার করতে হবে।”

সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় চসিকের প্রকৌশল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিজ নিজ জোনের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা উপস্থাপন করতে বলেন এবং সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের নির্দেশ দেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, “সংস্কার কাজে গুণগত মান বজায় রাখতে হবে। যে কোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। ঠিকাদার যদি দায়িত্বে গাফিলতি করেন বা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেন, তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। চুক্তির শর্ত ভঙ্গ করলে বাতিল হবে ওয়ার্ক অর্ডার।”

তিনি আরও বলেন, “বিটুমিনসহ ব্যবহৃত প্রতিটি নির্মাণ সামগ্রীর মান পরীক্ষার জন্য ল্যাব টেস্ট বাধ্যতামূলক করতে হবে। প্রয়োজনে নতুন লোকবল নিয়োগ ও যন্ত্রপাতি সংগ্রহ করে সংস্কার কাজের গতি বাড়াতে হবে।”

নগরীর জলাবদ্ধতা প্রসঙ্গে মেয়র বলেন, “বৃষ্টিপাত ও জোয়ারের কারণে কিছু এলাকায় পানি জমেছে। তবে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনার প্রয়োজন রয়েছে।”

সভার এক পর্যায়ে নগর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মেয়র। তিনি মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের নাট-বল্টু চুরি ও সুরক্ষা বেষ্টনী অপসারণের বিষয়টি তুলে ধরে বলেন, “এ ধরনের ঘটনায় কিশোর গ্যাং ও মাদকাসক্তদের সংশ্লিষ্টতা রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি প্রশাসনকে কাউন্সেলিং ও পুনর্বাসন কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন চসিক প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, রিফাতুল করিম, তাসমিয়া তাহসিন, মাহমুদ শাফকাত আমিন ও শাফকাত বিন আমিন প্রমুখ।


IMG 20250804 WA0002

টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসন বিষয়ক সভায় বক্তব্য রাখছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *