নবযাত্রা ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাস এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ কোনো ধরনের অস্ত্র বহন করতে পারবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। এ সময়ে কেউ যদি অস্ত্র বহন করে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
এছাড়া, নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার আংশিকভাবে সীমিত থাকবে। জরুরি সেবা প্রদানকারী গাড়ি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী, এবং ক্যাম্পাসে অবস্থিত ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর কর্মীরা প্রবেশাধিকার পাবেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভোটারদের পরিচয় নিশ্চিত করতে এবার উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, হলের পরিচয়পত্র বা নির্দিষ্ট ক্ষেত্রে পে-স্লিপ দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।