বৃত্তির তথ্য হালনাগাদে জরুরি নির্দেশনা, ভুল থাকলে মিলবে না টাকা

নবযাত্রা ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য দ্রুত ও নির্ভুলভাবে হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ধাপে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন বৃত্তি ও উপবৃত্তির অর্থ বিতরণ নির্বিঘ্ন করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক কামরুন নাহার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, মেধা ও সাধারণ বৃত্তি ছাড়াও সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, দৃষ্টি প্রতিবন্ধী, অটিস্টিক এবং পেশামূলক শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এমআইএস সফটওয়্যারে সঠিকভাবে এন্ট্রি ও প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীরাও এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকবে। সব বৃত্তির অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর ব্যাংক তথ্যের ভুল—যেমন ব্যাংকের নাম, শাখা, রাউটিং নম্বর বা হিসাব নম্বরের ত্রুটি কিংবা নিষ্ক্রিয়ে একাউন্টের কারণে—আগে বৃত্তির অর্থ ফেরত গেছে, সেসব তথ্য দ্রুত সংশোধন করে একাউন্ট সক্রিয় করতে হবে।

এছাড়া, যেসব বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য আগে অন্তর্ভুক্ত হয়নি, তাদের তথ্যও নির্ধারিত সময়ের মধ্যে এমআইএসে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, প্রকাশিত গেজেটের সঙ্গে মিল রেখে সঠিক তথ্য এন্ট্রি না হলে বৃত্তির অর্থ বিতরণ সম্ভব হবে না। তথ্য এন্ট্রি বা সংশোধনে কোনো ধরনের ভুল বা অনিয়ম হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বহন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *