মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ছিল সর্বাত্মক: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নবযাত্রা ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার সর্বতোভাবে বাংলাদেশকে সহায়তা করেছিল, যার মাধ্যমে দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি তৈরি হয়।

সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। বৈঠকে দুই দেশের সম্পর্ক, সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

স্পিকার বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অঙ্গনেও এই সম্পর্কের প্রতিফলন দেখা যায়। জাতিসংঘের সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়নে ভারতের সমর্থনকে তিনি সহযোগিতাপূর্ণ ও উদার দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেন।

সংসদের কার্যক্রম প্রসঙ্গে স্পিকার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত এবং বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি সংসদীয় সম্পর্ক জোরদারে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি দ্বিপক্ষীয় সফর বিনিময় বাড়ানোর মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ বৃদ্ধি এবং জনগণের পারস্পরিক সংযোগ জোরদারে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার ওপর জোর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *