ঈদের ছুটিতে হাসপাতাল সেবা সচল রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা

পবিত্র ঈদুল আজহার ছুটিতে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে ১৮ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার জারি করা এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। আদেশে স্বাক্ষর করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের সময় হাসপাতালের জরুরি বিভাগ, লেবার রুম, অপারেশন থিয়েটার, ল্যাব, ব্লাড ব্যাংক, সিটি স্ক্যান ও এমআরআইসহ গুরুত্বপূর্ণ সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। জরুরি বিভাগে অতিরিক্ত চিকিৎসক নিয়োগের মাধ্যমে চিকিৎসকদের উপস্থিতিও নিশ্চিত করতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঈদের আগে ও পরে সমন্বয়ের মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর্যায়ক্রমে ছুটি দেওয়া যাবে, তবে জরুরি স্বাস্থ্যসেবা যেন ব্যাহত না হয় সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

এ ছাড়া মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ল্যাব ও এক্স-রে সেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের ‘অন কল’ সেবাও চালু রাখতে বলা হয়েছে।

শিশু ও হাম রোগীদের জন্য বিশেষ প্রস্তুতির নির্দেশনাও রয়েছে। বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালে শিশু ও হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে বলা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক দলকে প্রতিদিন সকাল ও বিকেলে রাউন্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রি-এজেন্ট ও সার্জিক্যাল সামগ্রী মজুত রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সার্ভিস সচল রাখা এবং হাসপাতালের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ঈদের ছুটিতে বহির্বিভাগ একটানা ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও নিবন্ধিত চিকিৎসকের তত্ত্বাবধানে জরুরি ও প্রসূতি বিভাগ চালু রাখতে হবে।

পশুর হাটসংলগ্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগের তথ্য দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে জানাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *