নবযাত্রা ডেস্ক
যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে । নতুন নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার বেশ কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এবং রাশিয়ার জাতীয় সংসদের শতাধিক সংসদ সদস্য রয়েছেন। মস্কোর ওপর চাপ তৈরি করতেই নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন।
নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেন, ধারাবাহিক এসব অবরোধ আরোপের লক্ষ্য অর্জিত হবে না।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। যুদ্ধের এক মাস পূর্ণ হয়ে গেছে। ইউক্রেনে স্থল, জল ও আকাশপথে একসাথে হামলা চালানো হচ্ছে রাশিয়া। ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের অস্ত্র বিস্তৃতিকরণ চুক্তি অমান্য করায় চীন ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেও এ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ মেশিনের শক্তিকে লক্ষ্য করেই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। রাশিয়ার সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ‘এসবের ব্যাংক’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হারমান গ্রেফও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।
এদিকে রাশিয়া যেন নিষেধাজ্ঞা এড়াতে না পারে সে জন্য স্বর্ণ সংক্রান্ত রাশিয়ার লেনদেনও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে বলে মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে সতর্কবার্তা দিয়েছে।