আজ থেকে দিনে দুই সেশনে সংসদ অধিবেশন

অনলাইন ডেস্ক
১৩৩টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করতে আজ মঙ্গলবার থেকে জাতীয় সংসদের অধিবেশন দিনে দুই সেশনে অনুষ্ঠিত হবে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ও বিকেল—দুই সময়েই সংসদ অধিবেশন চলবে। এতে সংসদ সদস্যরা দিনে দুই দফায় আইন প্রণয়ন কার্যক্রমে অংশ নিতে পারবেন। সময়ের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা এবং সম্ভাব্য আইনি শূন্যতা এড়াতেই এই ‘ডাবল শিফট’ পদ্ধতি চালু করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি বিল আকারে পাস হয়েছে।

এর আগে সোমবার সংসদে অত্যন্ত কর্মব্যস্ত দিন পার হয়। এক কার্যদিবসেই সাতটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয় এবং আরও তিনটি নতুন বিল উত্থাপন করা হয়।

তবে ওই তিনটি বিলের বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে কিছু আপত্তি ও পর্যবেক্ষণ ওঠায় সেগুলো তাৎক্ষণিকভাবে পাস করা সম্ভব হয়নি। সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী, এসব বিল নিয়ে আরও আলোচনা ও পর্যালোচনা প্রয়োজন।

ধারণা করা হচ্ছে, আজকের অধিবেশনেই আলোচনার মাধ্যমে এসব বিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির জারি করা কোনো অধ্যাদেশ সংসদের পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে আইনে পরিণত না হলে তা বাতিল হয়ে যায়। বিপুলসংখ্যক ১৩৩টি অধ্যাদেশের এই চাপ সামাল দিতেই সংসদীয় কার্যক্রমের গতি বাড়াতে দিনে দুই সেশনে অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *