নবযাত্রা প্রতিবেদন
বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিষু-বিজু (বৈসাবী) উৎসবের সূচনা হয়েছে। এ উপলক্ষে তারা সর্বস্তরের মানুষকে উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টায় আলীকদম সেনা জোন সংলগ্ন মাতামুহুরী ব্রিজ এলাকায় বিষু-বিজু উৎসব উদযাপন কমিটির আয়োজনে ফুল ভাসানোর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা গেছে, তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়ের শিশু, কিশোর ও তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নদীতে ফুল ভাসানোর মাধ্যমে বৈসাবী উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। এই আয়োজনের মাধ্যমে তারা গঙ্গাদেবীর মঙ্গল কামনা করেন এবং বিগত বছরের দুঃখ-কষ্ট, রোগ-বালাই ও গ্লানি দূর করে নতুন বছরকে বরণ করে নেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা জানান, এই উৎসবের মাধ্যমে তারা সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সকল প্রাণীর মঙ্গল কামনায় তারা মাতামুহুরী নদীতে ফুল ভাসান। তাদের কাছে দিনটি আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য উপলক্ষ।
তারা আরও জানান, তিন দিনব্যাপী বিজু উৎসবের এটি প্রথম দিন। আগামী দিনগুলোতে ঐতিহ্যবাহী পোশাক পরিধান, বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হবে।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাছে এই উৎসবটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত—যেমন বিজু, বিংগু, বিষু, বৈসু, চাংক্রান ও সাংগ্রাই। তবে নাম ভিন্ন হলেও উৎসবের মূল দর্শন এক—পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেওয়া।