আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রতিনিধিদলের সাম্প্রতিক ইসলামাবাদ সফর শেষে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে—সমঝোতায় পৌঁছাতে তাদের কোনো তাড়াহুড়া নেই; বরং এখন সবকিছু নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ-এর এক নির্ভরযোগ্য সূত্র জানায়, আলোচনায় ইরান নিজেদের পক্ষ থেকে বাস্তবসম্মত ও যুক্তিনির্ভর প্রস্তাব দিয়েছে। তবে পরবর্তী অগ্রগতি নির্ভর করছে ওয়াশিংটনের ‘বাস্তববাদী দৃষ্টিভঙ্গি’র ওপর।
সূত্রটি অভিযোগ করে, সামরিক কৌশলে যেমন যুক্তরাষ্ট্র ভুল হিসাব করেছে, তেমনি কূটনৈতিক আলোচনাতেও একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, একটি গ্রহণযোগ্য ও যৌক্তিক চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি অঞ্চলের পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়, “আমাদের কোনো তাড়া নেই। আমরা আমাদের অবস্থানে অটল।”
এদিকে, পরবর্তী দফার আলোচনার জন্য এখনো নির্দিষ্ট কোনো তারিখ বা স্থান চূড়ান্ত হয়নি, যা অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।