নবযাত্রা প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে বিতর্ক থামছেই না। এবার নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের কাছে তিনি এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
এর আগে শুক্রবার রাতে কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. মাফরুহী সাত্তার অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন।
তিনি দাবি করেন, ভোটগ্রহণ ও গণনার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি। বিশেষ করে ইলেকট্রনিক ভোট গণনার পরিবর্তে হাতে গণনা করার বিষয়টি তিনি “বড় অনিয়ম” বলে আখ্যায়িত করেন।
অধ্যাপক স্নিগ্ধা পদত্যাগের ঘোষণায় বলেন, “যে পরিবেশে নির্বাচন হয়েছে, সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। কমিশনের সিদ্ধান্তে আমি বারবার ভিন্নমত দিয়েছি, কিন্তু তা গুরুত্ব পায়নি।”
জাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনের দিনই কয়েকটি প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয়। এ নিয়ে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী মহলে আলোচনা-সমালোচনা চলছে।
বিশ্লেষকরা মনে করছেন, কমিশনের একের পর এক সদস্যের পদত্যাগ নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।