ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বাদ দিয়ে এসডিজিতে এগিয়ে যাওয়া সম্ভব নয়


নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদি উর রহিম জাদিদ বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অন্যতম চ্যালেঞ্জ হল তাদের মাতৃভাষার সমস্যা। সামগ্রিকভাবে বাংলাদেশের মাতৃভাষা বাংলা। কিন্তু বাংলাদেশে ৫০টির অধিক ভাষাভাষী আছে এরমধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা অন্যতম। এসডিজিতে আমরা কাউকে বাদ দিয়ে এগিয়ে যেতে পারব না। আমাদের সকলের জন্য সমতাভিত্তিক মানসম্মত শিক্ষার ব্যবস্থা থাকতে হবে।


রবিবার নগরীর প্রেস ক্লাবের ‘ক্লাব কলেজিয়েট’ হলে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে ‘আদিবাসী শিশুদের শিক্ষার অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করে। (জেএসইউএস) কাযনির্বাহী কমিটির সহসভাপতি কবি ও সাংবাদিক বিপুল বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম জাদিদ। জেএসইউএস সহকারি পরিচালক মো. আরিফুল ইসলামের পরিচালনায় সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠী গবেষক দৈনিক
সুপ্রভাত বাংলাদেশের  সাহিত্য সম্পাদক মো. হাফিজ রশিদ খান।


অনুষ্ঠানে ‘আদিবাসী শিশুদের শিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’  এ বিষয়ক লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের উপ-কার্যক্রম ব্যবস্থাপক মো. আব্দুর রউফ।


সভায় বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বায়েজীদ থানা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, নজরুল গবেষক ও রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ কামাল উদ্দীন। এছাড়া পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠীরা উপস্থিত ছিলেন।


গবেষক মো. হাফিজ রশিদ খান বলেন, বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত অঞ্চল রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রাম একটি মিনি বা ক্ষুদ্র সংস্করণের বাংলাদেশ। এখানে স্বীকৃত এগারোটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়ে দশটি ভাষা প্রচলিত আছে। সঙ্গে আছেন বাংলাভাষীরা। তাদের শিক্ষা ক্ষেত্রে নানা সমস্যা হয়ে থাকে মূলত ভাষার কারণে।


সভায় আরো বক্তব্য রাখেন পিটিআই সুপারইনডেন্ট রুমা দাশ, বিবিএফ প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, বলুয়ারদিঘী চসিকের প্রধান শিক্ষক এম মাকসুদুল ইসলাম, মাতু মারমা, সিএমসি সভাপতি আশুতোষ ত্রিপুরা, এসডিজিইয়ুথ ফোরাম সভাপতি নোমান।


সমাপনী বক্তব্যে বিপুল বড়ুয়া বলেন, গণসাক্ষরতা অভিযান ও জেএসইউএস’র আয়োজিত এ সভা থেকে প্রাপ্ত সুপারিশমালার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করে নীতিনির্ধারণী পর্যায়ে সংশ্লিষ্টদের সাথে এ্যডভোকেসি’র মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *