নবযাত্রা ডেস্ক
ভারতীয় অভিনেত্রীদের রহস্যজনক মৃত্যু যেন বেড়েই চলছে। মাত্র কয়েকদিনের ব্যবধানেইে তিনজন ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হলো।
গত শুক্রবার (১৩ মে) কেরালার মডেল এবং মালায়লাম অভিনেত্রী সাহানার ঝুলন্ত লাশ উদ্ধারের মধ্য দিয়ে ভারতীয় অভিনেত্রীদের রহস্যজনক মৃত্যুর মিছিল শুরু হয়েছে। এরপর গত রোববার (১৫ মে) ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত মরদেহ।
সাহানা ও পল্লবীর পর এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণী অভিনেত্রী শেরিন সেলিন ম্যাথিউর নাম।
গত মঙ্গলবার (১৭ মে) সকালে কেরালার এডাপ্পলি শহরের চাক্কারাপারম্বুতের ভাড়া বাসার ফ্ল্যাটে শেরিনের রুমমেটরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়। ভারতীয় সংবাদমাধ্যমকে তারা জানায়, কয়েকদিন ধরে বন্ধুদের সঙ্গে বাদানুবাদ চলছিল শেরিন। এ কারণে বিষন্নতায় ভুগছিল সে। ২৬ বছর বয়সী এই মডেল একজন রূপান্তরিত নারী ছিলেন। পাঁচ বছর ধরে কেরালায় বাস করছিলেন তিনি।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে শেরিন আত্মহত্যা করেছেন। পুলিশ তার অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে। তদন্ত চলছে। এরইমধ্যে তথ্য পেয়ে ভারতীয় পুলিশ তার ঘনিষ্ঠ বন্ধুদের (যাদের সঙ্গে মনোমালিন্য চলছিল) জবানবন্দি গ্রহণ করেছে।